চাকরি খুঁজছেন বিরাট কোহলি? ৩৭ বয়সে পেশাদারদের প্ল্যাটফর্মে বিরাট ধামাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্রিকেট পিচ থেকে এবার পেশাদার কর্পোরেট দুনিয়ায় পা রাখলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সাধারণত চাকরি খোঁজা কিংবা পেশাগত যোগাযোগের জন্য পরিচিত প্ল্যাটফর্ম লিঙ্কডইনে (LinkedIn) আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। লিঙ্কডইনে যোগ দিয়েই নিজের প্রথম পোস্টে ভবিষ্যতের লক্ষ্য ও ব্র্যান্ড ভাবনা স্পষ্ট করেছেন কোহলি। তিনি জানান, অ্যাজিলিটাস কো ম্পা নির বিনিয়োগকারী এবং নিজের ক্রীড়া সামগ্রী ব্র্যান্ড ‘ওয়ান৮ওয়ার্ল্ড’-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ শুরু করেছেন। তাঁর উদ্দেশ্য, কেবল আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা নয়, বরং বিশ্বমানের ক্রীড়া সামগ্রী তৈরি ও বিশ্ব ক্রীড়ার ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
ব্র্যান্ড ও ব্যবসার কাজে নতুন যাত্রা শুরু করলেও, মাঠের খেলা থেকে একেবারেই দূরে সরছেন না দেশের এই তারকা ব্যাটার। টি-২০ ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে কোহলির প্রধান লক্ষ্য ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ জয়। ২০২৩ সালের বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করতেই এবার মরিয়া হয়ে নামছেন তিনি। টানা দশটি কঠিন ম্যাচের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কোহলি জানিয়েছেন, ভারতের হয়ে এটিই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই দলকে বিশ্বসেরা করতে এবং ট্রফি উঁচিয়ে ধরতে নিজের সেরাটা উজাড় করে দিতে সম্পূর্ণ প্রস্তুত ৩৭ বছর বয়সী এই মহাতারকা।
