চার মাস ধরে আবেদন ঝুলে! অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সেবা সেতু ক্যাম্পে তুমুল বিক্ষোভ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত ‘সেবা সেতু’ ক্যাম্প ঘিরে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই শিবিরে কেন্দ্র ও রাজ্যের নানা প্রকল্পের সুবিধা দেওয়ার কথা থাকলেও, বহু জায়গায় ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ না হওয়ায় এবং চার মাস ধরে আবেদন ‘আন্ডার প্রসেস’ থাকায় মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। উলুবেড়িয়া, উদয়নারায়ণপুর, পোলবা-দাদপুর, চন্দ্রকোনা থেকে কোচবিহার ও বাঁকুড়ার বিভিন্ন শিবিরে এই চিত্র দেখা গেছে। কোথাও ব্যানার ছিঁড়ে ফেলা হয়, আবার কোথাও সড়ক অবরোধ ও ভবনের গেট আটকে বিক্ষোভ চলে।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সুরাহা, এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন শিবির। কোচবিহার ও বারাসাতেও একই কারণে ক্ষোভপ্রকাশ করেন উপভোক্তারা। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে প্রশাসন। হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি আশ্বাস দিয়ে জানিয়েছেন, সমস্ত যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাবেন এবং বর্তমানে যাচাইকরণের কাজ চলছে। আগামী রবিবার পর্যন্ত এই শিবিরগুলি চলবে।
