চা বাগানের জমি শিল্পপতিদের হাতে, গর্জে উঠলেন হিমন্ত!

কালিম্পং জেলার গরুবাথানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ের চা শ্রমিকদের জমির অধিকার থেকে বঞ্চিত করছে এবং বাগানের খালি জমি শিল্পপতিদের হাতে তুলে দিয়ে সেখানে বিলাসবহুল হোটেল তৈরির সুযোগ দিচ্ছে। এর বিপরীতে তিনি দাবি করেন, আসামে বিজেপি সরকার ৩ লক্ষ চা শ্রমিককে জমির পাট্টা প্রদানের ব্যবস্থা করেছে।
উন্নয়ন ও সুযোগ-সুবিধার বৈষম্যের প্রসঙ্গ টেনে আসামের মুখ্যমন্ত্রী জানান, বোড়ো অটোনমাস কাউন্সিলকে আসাম সরকার ৩ হাজার কোটি টাকা দিলেও বাংলার সরকার জিটিএকে দিয়েছে মাত্র ৩০০ কোটি টাকা। এছাড়া মজুরির ক্ষেত্রেও বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, দার্জিলিঙে শ্রমিকরা রেশন ছাড়া ২৫০ টাকা মজুরি পান, কিন্তু আসামের শ্রমিকরা রেশনসহ ২৮০ টাকা মজুরি পাচ্ছেন। পাশাপাশি, রাজ্যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে তিনি চা ও সিঙ্কোনা বাগানের শ্রমিকদের আবাসন ও পাট্টা প্রদান, দার্জিলিংকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা এবং বর্তমান ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে ৩ হাজার টাকার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
