চিকিৎসায় ৫ লক্ষ টাকা ক্যাশলেস! অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির পর বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিক্যাল সেল থেকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য স্কিম সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে চিকিৎসা পদ্ধতি, ইনভেস্টিগেশন ও ইমপ্ল্যান্টের নতুন ও পুনর্নির্ধারিত রেট কার্যকর হওয়ার কথা থাকলেও, এই ঘোষণা ঘিরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারের পক্ষ থেকে চিকিৎসা প্যাকেজের হার সংশোধন করা হলেও ইনডোর চিকিৎসার সাধারণ ক্যাশলেস কভারেজের সর্বোচ্চ সীমা মাত্র দুই লক্ষ টাকা থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন কর্মীরা। তাদের যুক্তি, সাধারণ মানুষের জন্য চালু থাকা ‘স্বাস্থ্য সাথী’ বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যেখানে পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা মিলছে, সেখানে আজীবন পরিষেবা প্রদানকারী সরকারি কর্মচারীদের এই সীমা কেন কম থাকবে?
এই বৈষম্য দূর করতে ইনডোর চিকিৎসার ক্যাশলেস সীমা অবিলম্বে বাড়িয়ে অন্তত পাঁচ লক্ষ টাকা এবং জরুরি বা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তা দশ লক্ষ টাকা করার জোরালো দাবি তুলেছেন কর্মীরা। পাশাপাশি, ডিডিও স্তরে ওপিডি ক্লেমের অনুমোদন সীমা পঞ্চাশ হাজার এবং ইনডোর ক্লেমের ক্ষেত্রে তা এক লক্ষ টাকায় উন্নীত করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্যের সমস্ত নিবন্ধিত বেসরকারি হাসপাতালে এই হেলথ স্কিমের অধীনে চিকিৎসা পরিষেবা বাধ্যতামূলক করা এবং কোনো তালিকাভুক্ত হাসপাতাল রোগী ফেরালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হচ্ছে। এখন দেখার, লক্ষাধিক কর্মচারীর এই নতুন দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার নতুন কোনো ইতিবাচক নির্দেশিকা জারি করে কি না।
