চিকিৎসার অধিকার মৌলিক! সুপ্রিম কোর্টে বড় জয় অভিষেকের, মিলল বিদেশযাত্রার অনুমতি – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট তাকে আগামী ৩ সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করানোর ছাড়পত্র দিয়েছে।
বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু কোনো মামলা বিচারাধীন থাকার কারণে কাউকে তাঁর পছন্দমতো চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা যায় না—এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর বিদেশযাত্রায় কোনো প্রশাসনিক বা আইনি বাধা দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
পটভূমি: এর আগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দিয়ে তাকে রাজ্যের এসএসকেএম (SSKM) হাসপাতালের মেডিক্যাল বোর্ডের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল। অভিষেক এসএসকেএম-এ যেতে রাজি না হওয়ায় মামলাটি খারিজ হয়।
পরবর্তীকালে ৭ আগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সোমবার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভিষেকের বিচারাধীন মামলার অজুহাতে বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করলেও আদালত তা খারিজ করে দেয়। ফলে কলকাতা হাইকোর্টের রায় বদলে সুপ্রিম কোর্টে চূড়ান্ত আইনি জয় পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
