‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় কড়া নজর! উত্তরকন্যায় আজ শাহের হাই-ভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ
স্পর্শকাতর ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তিন দিনের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার উত্তরকন্যায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ, যেখানে ফোকাসে থাকবে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রুখবার ব্লু-প্রিন্ট।
শাহের উত্তরবঙ্গ সফরের হাইলাইটস:
- সীমান্ত পরিদর্শন: শনিবার সকালে ফুলবাড়ির জুমাগছে ভারত-বাংলাদেশ সীমান্তে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ-এর ১৮ নম্বর ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ ও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন।
- উত্তরকন্যায় মেগা বৈঠক: এই প্রথম উত্তরকন্যায় পা রাখবেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে উত্তরকন্যার তোরণের রং নীল-সাদা থেকে পালটে হলুদ করা হয়েছে। দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
- বৈঠকের মূল এজেন্ডা: চিকেনস নেক-এর নিরাপত্তা জোরদার করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, কেন্দ্র-রাজ্য সমন্বয় বৃদ্ধি, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং নতুন ফৌজদারি আইন কার্যকর করা।
কলকাতায় আইনশৃঙ্খলা পর্যালোচনা: শনিবার রাতেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন শাহ। রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর।
রাজনৈতিক প্রেক্ষাপট: স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে গোটা শিলিগুড়ি ও চিকেনস নেক জুড়ে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। এই সফর নিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যের অসহযোগিতায় এতদিন সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হয়নি। তবে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি হস্তান্তর করেছেন। ফলে এখন নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হচ্ছে।”
