চিনের নাম বদলের চাল ভেস্তে দিল ভারত! অরুণাচলের ২৭টি সংবেদনশীল এলাকা ঠাঁই পেল সরকারি মানচিত্রে! – এবেলা

এবেলা ডেস্কঃ
সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের উপর নিজেদের ভিত্তিহীন দাবি জাহির করতে একের পর এক স্থানের নাম বদলের চেনা ছক কষে আসছে চিন। বেজিংয়ের এই কার্টোগ্রাফিক আগ্রাসনের মোক্ষম জবাব দিতে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অরুণাচলের অতি সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ২৭টি ভৌগোলিক অঞ্চল ও স্থান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানচিত্রে এই স্থানগুলির নাম ও অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার মূল লক্ষ্য হল, দেশজুড়ে এই অঞ্চলগুলির ভৌগোলিক অস্তিত্ব সুনিশ্চিত করা ও জনসচেতনতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, বেআইনিভাবে অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসলেও চিনের এই মনগড়া নাম বদলের নাটককে বরাবরই সজোরে খারিজ করেছে ভারত। লংজু, মাজা, থাগ লা এবং যশবন্ত গড়ের মতো ঐতিহাসিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মানচিত্রে জায়গা পাওয়ায় বেজিংয়ের চক্রান্ত বড় ধাক্কা খেল। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিনা মানচিত্রে কাল্পনিক নাম বসালেই অরুণাচলের অবিচ্ছেদ্য ঐতিহাসিক সত্য বদলানো যাবে না। ভারতের এই দৃঢ় ও স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক মঞ্চে চিনের বিভ্রান্তিকর ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিনষ্টকারী পদক্ষেপগুলির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিল।
