চিরযৌবনের ফাঁদ? বেঙ্গালুরুতে বাতিল ‘পেপটাইড পার্টি’, সত্যিটা জানাল চিকিৎসা জগত! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 8, 202612:33 pm
আমেরিকার সিলিকন ভ্যালি থেকে আসা ‘বায়োহ্যাকিং’ ও ‘লঞ্জিভিটি কালচার’-এর ছোঁয়ায় সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত হতে যাচ্ছিল বহুল চর্চিত ‘পেপটাইড পার্টি’। সেখানে নাচ-গানের পাশাপাশি আমন্ত্রিতদের পেপটাইড শর্টস, ইনজেকশন ও সাপ্লিমেন্ট দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পেপটাইডের সঠিক উপাদান, উৎস, ব্যবহারের মাত্রা এবং প্রয়োজনীয় আইনি অনুমোদন না থাকায় কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FSDA)-এর নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
পেপটাইড কী এবং শরীরের এর কাজ কী? চিকিৎসকদের মতে, প্রোটিন ভেঙে তৈরি হওয়া অ্যামিনো অ্যাসিডের ক্ষুদ্র অণুই হলো পেপটাইড। এটি পেশি ও টিস্যু গঠন, কোলাজেন তৈরি, হরমোনের কার্যকারিতা বাড়ানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সাপ্লিমেন্ট বা সিরাম কি সত্যিই প্রয়োজন? জেনারেল ফিজিশিয়ানদের মতে, সাধারণ ও সুস্থ মানুষের জন্য দৈনন্দিন জীবনে পেপটাইড সাপ্লিমেন্ট নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। একমাত্র প্যানক্রিয়াস, গলব্লাডার বা হজমের মারাত্মক সমস্যা থাকলে অথবা রাইস টিউবের মাধ্যমে খাবার দিতে হলে চিকিৎসকেরা সাময়িকভাবে পেপটাইড প্রেসক্রাইব করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট খেলে শরীরের ক্ষতি হতে পারে।
একইভাবে, ত্বকের বলিরেখা দূর করতে বা চামড়া টানটান করতে বাজারে চালু ‘পেপটাইড সিরাম’ বা ক্রিম ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ত্বকের ওপর থেকে পেপটাইড মেখে কোনো লাভ হয় না—এগুলো শুধুই ব্যবসায়িক কৌশল।
স্বাভাবিক উপায়ে পেপটাইড পাওয়ার উপায়: পেপটাইডের সমস্ত উপকারিতা পেতে কোনো সাপ্লিমেন্ট বা পার্টিতে যাওয়ার দরকার নেই। আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা সাধারণ ডাল-ভাত, মাছ কিংবা মাংসের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেই শরীরে পেপটাইডের ঘাটতি অনায়াসে পূরণ হয়ে যায়।
