চুক্তি না হলে ফের ভয়াবহ যুদ্ধ! ট্রাম্পের হুঁশিয়ারিতে কি রণক্ষেত্র হবে পশ্চিম এশিয়া?

চুক্তি না হলে ফের ভয়াবহ যুদ্ধ! ট্রাম্পের হুঁশিয়ারিতে কি রণক্ষেত্র হবে পশ্চিম এশিয়া?

পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ২২ এপ্রিলের পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়তে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী চুক্তি না হলে সামরিক পথে হাঁটার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, চুক্তি হোক বা না হোক, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে এবং প্রয়োজনে পুনরায় বোমাবর্ষণ শুরু করবে ওয়াশিংটন।

ট্রাম্পের এই কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় ইরান পালটা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, পরিস্থিতি প্রতিকূল হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন যে, লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ওপরই এই নৌপথের ভবিষ্যৎ নির্ভর করছে।

এই সংকট নিরসনে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা হিসেবে আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এতে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের উপস্থিত থাকারও সম্ভাবনা রয়েছে। ২২ এপ্রিলের সময়সীমা পার হওয়ার আগে এই বৈঠকটিকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *