জনগণনায় আর মিলবে না স্কুল ছুটি? শিক্ষকদের ‘দক্ষতা’ নিয়ে বিতর্কিত মন্তব্যে শোরগোল শিক্ষামন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে জনগণনার (সেনসাস) কাজের কারণে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠনে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সল্টলেকের বিদ্যাসাগর ভবনে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, এ রাজ্যের শিক্ষকরা যথেষ্ট দক্ষ ও যোগ্য, তাই তারা স্কুল পরিচালনার পাশাপাশি জনগণনার কাজও সমানতালে সামলাতে পারবেন। শিক্ষা দপ্তর থেকে ইতিমিধ্যেই এ বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষকরা স্কুলের নির্দিষ্ট সময়ের পর বা ছুটির দিনে (শনিবার ও রবিবার) এই কাজ করবেন। অন্যদিকে সেনসাস ডিরেক্টর নিখিল পবন কল্যাণ জানান, দৈনিক মাত্রা পাঁচ থেকে দশটি বাড়িতে গিয়ে কাজ করলেই নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াটি শেষ করা সম্ভব।
তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শিক্ষক সংগঠনগুলির মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী অভিযোগ করেন, অতিরিক্ত কাজের চাপে শিক্ষকদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে, যা পরোক্ষভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারে। তাঁদের দাবি, শিক্ষকদের সেনসাসের মতো অ-শিক্ষামূলক ডিউটি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হোক অথবা অন্ততপক্ষে ‘অন ডিউটি’ তকমা প্রদান করা হোক। এই বিষয়ে কিছু আঞ্চলিক স্তরের নোটিশের সাথে রাজ্য স্তরের নীতির অসঙ্গতি তুলে ধরে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সংগঠনটি।
