জুলাইয়েই ফাটবে খুশির বোমা! ৩% DA বৃদ্ধির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাম্পার বেতন – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আসতে চলেছে এক বিরাট সুখবর। আগামী জুলাই মাসেই এক ধাক্কায় বাড়তে পারে তাঁদের মহার্ঘ ভাতা (DA)। সবকিছু ঠিকঠাক থাকলে, জুলাই মাসের বর্ধিত বেতন সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হতে পারে। একই সঙ্গে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)-এর দিকেও। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যেই ন্যূনতম মূল বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জোরালো করেছে।
কেন জুলাইয়ে ডিএ বাড়ার সম্ভাবনা?
শিল্প শ্রমিকদের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW)-এর ওপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা গণনা করা হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মার্চ মাসে এই সূচক ছিল ১৪৯.১, যা এপ্রিল মাসে আরও বেড়ে দাঁড়িয়েছে ১৪৯.৯-এ। একই সঙ্গে খুচরা মুদ্রাস্ফীতিও ৪.২৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪.৪৬ শতাংশ হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে, আগামী জুলাইয়ে কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়তে চলেছে।
বেতন কত বাড়ার সম্ভাবনা?
নিয়ম অনুযায়ী বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করে কেন্দ্র। বছরের প্রথম ভাগের (জানুয়ারি) ডিএ বৃদ্ধির পর এবার নজর জুলাইয়ের দিকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। জুলাই মাসে ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশে।
ফলে মুদ্রাস্ফীতির বাজারে জুলাই মাসের বেতনের সঙ্গেই পকেটে বাড়তি টাকা আসতে চলেছে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের।
