জেলে বসেই নেটওয়ার্ক! আফতাব আনসারির সেলে মোবাইল, Wi-Fi ও নগদ, প্রশ্নের মুখে নিরাপত্তা – এবেলা

জেলে বসেই নেটওয়ার্ক! আফতাব আনসারির সেলে মোবাইল, Wi-Fi ও নগদ, প্রশ্নের মুখে নিরাপত্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: প্রেসিডেন্সি জেলে বন্দি কুখ্যাত জঙ্গি এবং ২০০২ সালের কলকাতার আমেরিকান সেন্টারে হামলার অন্যতম মূল চক্রী আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হলো একাধিক মোবাইল ফোন, Wi-Fi রাউটার, পেন ড্রাইভ এবং বিপুল পরিমাণ নগদ টাকা। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই সংশোধনাগারে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গির কাছে কীভাবে এই সমস্ত নিষিদ্ধ সামগ্রী পৌঁছাল, তা নিয়ে রাজ্য রাজনীতি ও প্রশাসন জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, আফতাব জেলে বসেই গোপনে বাইরে যোগাযোগ রাখছে—এমন গোপন তথ্যের ভিত্তিতেই প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে আচমকা তল্লাশি চালানো হয়। আনসারির বিছানাপত্র ও জামাকাপড় ঘেঁটে ৩টি মোবাইল ফোন, ২টি Wi-Fi রাউটার, ২টি কার্ড রিডার, ১টি পেন ড্রাইভ, ইয়ারফোন এবং ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার নগদ টাকা পাওয়া যায়। সেলের ভেতর থেকে সে ওয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে কাদের সাথে কথা বলত এবং পাকিস্তানের সাথে তার কোনো সরাসরি যোগসূত্র তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই চাঞ্চল্যকর ঘটনার পর হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংশোধনাগারের ভেতরে কারা তাকে এই সুবিধা পাইয়ে দিচ্ছিল, জেলের কর্মীদের একাংশ এর সাথে যুক্ত কি না, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকা অনিয়ম ও ‘ঘুঘুর বাসা’ ভাঙতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এবং প্রশাসনিক স্তরে রদবদলও করা হয়েছিল। তার মধ্যেই এই ঘটনার প্রকাশ জেল নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা আবার প্রকাশ্যে এনে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *