জেল যাওয়ার ভয় নেই, তেরঙা ওড়াবই! কনট প্লেসে পতাকা উত্তোলনের হুংকার অভিজিৎ দীপেকের – এবেলা

এবেলা ডেস্কঃ
কেবল জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে দলের সদস্যদের গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করে দিল্লির কনট প্লেসে বিশাল কর্মসূচি ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও তেরঙ্গা মার্চ করার ডাক দিয়ে দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, দিল্লির বাইরে বসবাসকারী নাগরিকদেরও নিজ নিজ শহরে সন্ধ্যায় তেরঙ্গা মার্চ করার অনুরোধ জানিয়েছেন দীপকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেরঙা ওড়ানো কোনো অপরাধ নয় এবং এর জন্য যদি তাঁকে বা দলের অন্য নেতাকর্মীদের ফের জেলে যেতে হয়, তবুও তিনি পিছপা হবেন না।
গত ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রবেশ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সহ ককরোচ জনতা পার্টির মোট ১৪ জন সদস্যকে আটক করেছিল দিল্লি পুলিশ। পুলিশের দাবি, যন্তর মন্তরকে প্রতিবাদের তালিকা থেকে বাদ দেওয়ায় তাঁরা বেসরকারি চত্বর দিয়ে সেখানে ঢোকার চেষ্টা করেছিলেন এবং বাধা পেয়ে সংঘাতে জড়ান। এই ঘটনায় কনট প্লেস ও সংসদ মার্গ থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। এই আইনি পদক্ষেপকে উপেক্ষা করেই এবার জাতীয় পতাকা ওড়ানোর দাবিতে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা করল রাজনৈতিক দলটি।
