জ্বালানি সাশ্রয়ে নজিরবিহীন পদক্ষেপ, মোদির কনভয়ে কি মাত্র দুটি গাড়ি?

জ্বালানি সাশ্রয়ে নজিরবিহীন পদক্ষেপ, মোদির কনভয়ে কি মাত্র দুটি গাড়ি?

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মোকাবিলায় এবার নিজেই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির জেরে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেওয়ার পর, এবার প্রধানমন্ত্রীর নিজের কনভয়ের বহর কমানোর সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি দিল্লির রাস্তায় প্রধানমন্ত্রীর কনভয়ে মাত্র দুটি গাড়ি থাকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় এই জল্পনা আরও তীব্র হয়েছে।

নিরাপত্তা ও সাশ্রয়ের ভারসাম্য

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-কে ইতিমধ্য়েই কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাধারণত প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় কনভয়ে ১২ থেকে ১৫টি বিভিন্ন ধরনের বিশেষ যান থাকে। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী, নিরাপত্তার সঙ্গে কোনো আপস না করেই গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কনভয়ে বৈদ্যুতিন গাড়ি বা ইভি ব্যবহারের ওপর বিশেষ জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে এই পরিবর্তনের জন্য নতুন কোনো গাড়ি না কিনে বর্তমান পরিকাঠামো ব্যবহারেরই নির্দেশ দেওয়া হয়েছে।

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর বার্তা

পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতেও জ্বালানি ও অর্থনৈতিক সংকটের কালো মেঘ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী করোনাকালের মতো পুনরায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতির ওপর গুরুত্ব দিয়েছেন। সেই সঙ্গে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা এবং বিলাসদ্রব্য ক্রয়ে রাশ টানার পরামর্শও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নিজের কনভয়ে এই কৃচ্ছ্রসাধন আদতে দেশবাসীকে সাশ্রয়ের পথে উদ্বুদ্ধ করার একটি প্রতীকী পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা উৎসাহিত হবে, অন্যদিকে দেশের জ্বালানি আমদানির ওপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *