টিকিট কাটতেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা! বাঁকুড়া মেডিক্যাল কলেজে রোগীদের ভোগান্তি চরমে – এবেলা

টিকিট কাটতেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা! বাঁকুড়া মেডিক্যাল কলেজে রোগীদের ভোগান্তি চরমে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সমস্ত হাসপাতালে চিকিৎসার জন্য আধার কার্ডের ভিত্তিতে আভা আইডি তৈরি বাধ্যতামূলক হওয়ার পর থেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে শুরু হয়েছে চরম বিপত্তি। হাসপাতালের আউটডোরে টিকিট কাটার সময়ই এই আইডি তৈরি করতে গিয়ে কর্মীদের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। এর ফলে প্রতিদিন সকাল থেকে আউটডোরের টিকিটের জন্য রোগীদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকছে পার্শ্ববর্তী রাস্তায়। কর্মী সংকটের জেরে সব কাউন্টার চালু না হওয়ায় খোলা আকাশের নিচে ঝড়ে-বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষ ও তাঁদের পরিজনদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত পদের তুলনায় কর্মী সংখ্যা বর্তমানে অত্যন্ত কম থাকায় ভিড় সামাল দেওয়া আসাম্ভব হয়ে পড়েছে। একেকটি টিকিট কাটতেই দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যাওয়ায় অনেক রোগী সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে পারছেন না। সাধারণ মানুষের এই অন্তহীন ভোগান্তি দূর করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *