টেট জট কাটাতে কেন্দ্র-রাজ্যের হস্তক্ষেপের দাবি! মেগা মিছিলে পথে নামল বাম শিক্ষক সংগঠন – এবেলা

টেট জট কাটাতে কেন্দ্র-রাজ্যের হস্তক্ষেপের দাবি! মেগা মিছিলে পথে নামল বাম শিক্ষক সংগঠন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: টেট জট কাটাতে এবার সরাসরি কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে রাজপথে নামল আটটি বামপন্থী শিক্ষক সংগঠন। বুধবার বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারির একাধিক দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের মূল দাবি— কেন্দ্র দ্রুত অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে শিক্ষকদের এই টেট জট থেকে চিরতরে মুক্তি দিক।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত সমস্ত শিক্ষকের টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সম্প্রতি শীর্ষ আদালত অনুত্তীর্ণ শিক্ষকদের টেট পাশ করার সময়সীমা ২০২৭ থেকে বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করেছে। তবে অবসরের মুখে থাকা শিক্ষকদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও কেন্দ্রীয় সরকারের অবস্থান এখনও ধোঁয়াশায় ভরা। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষকদের স্বার্থরক্ষার যে আশ্বাস দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মনে করিয়েই এবার আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা।

এবিপিটিএ–র সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য— দুই সরকারকেই দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। টেট জট কাটানোর পাশাপাশি, ২০১৭ সালে নিযুক্ত ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি রক্ষা, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারির দাবিতেও সরব হয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *