ডিএ জট কাটাতে সুপ্রিম কোর্ট! রিপোর্ট আসাম্পূর্ণ, আজই কি বড় সিদ্ধান্তের মুখোমুখি রাজ্য সরকার? – এবেলা

এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টে আজ রাজ্যের সরকারি কর্মচারীদের বহুল চর্চিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত এই মামলাটির নির্ধারিত শুনানির তারিখ ছিল আগামী ২৭শে অক্টোবর। তবে দিনক্ষণ এগিয়ে এনে আজ, শুক্রবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে (কোর্ট রুম নম্বর ১১, ক্রমিক নম্বর ৫৩) মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
মনিটরিং কমিটির বৈঠক ও ঝুলে থাকা রিপোর্ট
এর আগের শুনানিতে সর্বোচ্চ আদালত একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করে নির্দেশ দিয়েছিল, বকেয়া ডিএ কীভাবে এবং কতগুলি কিস্তিতে মেটানো সম্ভব তা নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যে মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং কর্মচারী প্রতিনিধিদের বৈঠকে বসে সমন্বয় সাধনের পর সুপ্রিম কোর্টে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই ধার্য সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বৈঠকটি আয়োজিত হয়নি।
গ্রান্ট-ইন-এইড কর্মীদের বঞ্চনা ও সংগঠনের ক্ষোভ
ডিএ মামলার অন্যতম মূল আবেদনকারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া পেলেও সম্পূর্ণ বঞ্চনার শিকার হয়েছেন ‘গ্রান্ট-ইন-এইড’ (অনুদানপ্রাপ্ত) প্রতিষ্ঠানের কর্মী ও অবসরপ্রাপ্তরা। আগামী শুনানিতে আদালত চত্বরে এই বৈষম্যের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। একই সুর শোনা গিয়েছে আন্দোলনকারী সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর মুখেও।
উল্লেখ্য, গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মেটানো নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেখানে রাজ্য সরকার জানিয়েছিল যে তারা পোষিতদের পাওনা মেটাতে আগ্রহী, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।
আজকের মামলার মূল দিক
একদিকে সাধারণ সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া ডিএ পেলেও তা নিয়ে একাধিক অসন্তোষ ও অভিযোগ রয়ে গিয়েছে। অন্যদিকে গ্রান্ট-ইন-এইড কর্মীরা এখনও সম্পূর্ণ বকেয়াহীন। আজ সুপ্রিম কোর্টে এই জোড়া সমস্যার কোনো স্থায়ী সমাধানসূত্র বের হয় কি না, সেদিকেই পথ চেয়ে বসে রয়েছেন রাজ্যের লাখো সরকারি কর্মচারী ও আন্দোলনকারীরা।
