ডিজিটাল সেনসাস: এবার জনগণনায় ৪০ প্রশ্ন, জেনে নিন নতুন ৭টি আপডেট! – এবেলা
August 16, 2026

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে সেনসাসের প্রথম পর্ব শেষ হওয়ার পর এবার সরকারি কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করতে চলেছেন। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনার বিস্তারিত প্রশ্নমালা প্রকাশ করেছে। এতদিন ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হলেও, এবারের ডিজিটাল জনগণনায় মোট ৪০টি প্রশ্ন করা হবে। অর্থাৎ নতুন করে ৭টি নতুন প্রশ্ন যুক্ত হয়েছে।
জনগণনায় যে প্রশ্নগুলি করা হবে (একনজরে):
- ব্যক্তিগত ও পারিবারিক তথ্য: নাম, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, লিঙ্গ, জন্মতারিখ ও বয়স, জন্মস্থান, বৈবাহিক অবস্থা, বিয়ের সময় বয়স, স্বামী/স্ত্রীর নাম, নাগরিকত্ব, ধর্ম, তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/জাতি, পিতা-মাতার তথ্য, স্থায়ী ঠিকানা ও স্থানান্তরের বিবরণ।
- সন্তান সংক্রান্ত তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে): জীবিত সন্তানের সংখ্যা, মোট সন্তান জন্ম দেওয়ার তথ্য এবং গত এক বছরে সন্তান জন্মের বিবরণ।
- শিক্ষা ও দক্ষতা: মাতৃভাষা ও অন্যান্য পরিচিত ভাষা, প্রতিবন্ধকতা সংক্রান্ত বিবরণ, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা।
- অর্থনৈতিক ও পেশাগত তথ্য: কাজের স্থিতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, পেশা, ব্যবসা বা পরিষেবার ধরন, কাজের শ্রেণি, অ-অর্থনৈতিক কাজ, কাজ খোঁজার তথ্য এবং কর্মস্থলে যাতায়াতের মাধ্যম।
- স্বাস্থ্য ও সরকারি নথিপত্র: কোভিড-১৯ টিকাকরণের স্থান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, মোবাইল নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর ও ভোটার আইডি।
এবারের সেনসাসের মূল বৈশিষ্ট্য:
এই প্রথমবার স্বাধীন ভারতে জনগণনার সাথে জাতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সমগ্র প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। সরকারি কর্মীরা বাড়ি আসার আগেই এই প্রশ্নগুলির উত্তর প্রস্তুত রাখলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
