তারকেশ্বর-আগরপাড়ায় সিপিএমের পার্টি অফিসে হামলা! মধ্যরাতের ‘অপারেশন’-এর নেপথ্যে কারা? – এবেলা

তারকেশ্বর-আগরপাড়ায় সিপিএমের পার্টি অফিসে হামলা! মধ্যরাতের ‘অপারেশন’-এর নেপথ্যে কারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির তারকেশ্বর এবং উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় সিপিএমের দুটি পুরনো পার্টি অফিসে মধ্যরাতে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তারকেশ্বরের মুক্তারপুর এলাকার প্রায় ৪০ বছরের পুরনো পার্টি অফিসে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র, টিভি ও দলীয় নথিপত্র। একই সঙ্গে পাশের একটি চার চাকা গাড়িও ভাঙচুর করা হয়। অন্যদিকে, আগরপাড়ার উষুমপুরে প্রায় ৫০ বছরের বেশি পুরনো ‘প্রমোদ দাশগুপ্ত স্মৃতি ভবনে’র আলো নিভিয়ে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। ঘটনার পর বুধবার সকালেও উভয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

এই জোড়া হামলার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে জোরালো অভিযোগ তুলেছে সিপিএম নেতৃত্ব। যদিও শাসকদল তৃণমূলের হাত রয়েছে বলে পালটা দাবি করেছে বিজেপি। দুটি ঘটনার খবর পেয়েই স্থানীয় থানা ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়। বর্তমানে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *