তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, তুঙ্গে রাজনৈতিক চর্চা! – এবেলা

এবেলা ডেস্কঃ
তারাপীঠের হোটেল ‘বিদেশিনী’-তে ১৭ আগস্টের ভোররাতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় অবশেষে প্রশাসনের চরম পদক্ষেপ। অগ্নিনির্বাপক ব্যবস্থায় চরম গাফিলতির অভিযোগ ওঠার পর তারাপীঠ দমকল কেন্দ্রের স্টেশন অফিসার অভয় চৌধুরীকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। হোটেলটিতে কীভাবে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছিল এবং পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে প্রশাসন।
অন্যদিকে ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলেও। প্রশাসনিক তদন্তে নিয়ম বহির্ভূতভাবে চলা ১৫টি হোটেলের তালিকা সামনে আসার পর তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য নিতাই মালের হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি হয়ে বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগ উঠলেও নিতাই মাল তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রশাসনিক নিয়ম না জেনেই দীর্ঘ দিন ধরে এই হোটেল পরিচালিত হচ্ছিল এবং ভবিষ্যতে সরকারি সমস্ত নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
