তৃণমূল না বিজেপি, পাল্লা ভারী কার? বিদেশের প্রেডিকশন মার্কেটে হঠাৎ বড় বদল! জানুন কার জয়ের সম্ভাবনা কত শতাংশ – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আর কয়েক ঘণ্টা বাকি। বাংলার মোড়ে মোড়ে যখন রাজনৈতিক বিশ্লেষণ তুঙ্গে, তখন সুদূর আমেরিকার অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্ম বা সাট্টা বাজারগুলোতেও চলছে টানটান উত্তেজনা। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজির বাজারে দুই প্রধান প্রতিপক্ষ—তৃণমূল ও বিজেপির জয় নিয়ে চলছে সমানে সমানে টক্কর, যেখানে বাজি ধরা অর্থের পরিমাণ ইতিমধ্যেই প্রায় ৪০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
বিদেশের বাজারে বিজেপি এগিয়ে, তবে টাকার অঙ্কে তৃণমূল
আমেরিকার একটি নামী প্রেডিকশন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল পর্যন্ত বিজেপির জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ এবং তৃণমূলের ৪৩ শতাংশ দেখাচ্ছে। মজার বিষয় হলো, এপ্রিলের শুরুতে তৃণমূল ৮০ শতাংশ সম্ভাবনা নিয়ে অনেক এগিয়ে থাকলেও প্রথম দফার ভোটের পর ছবিটা বদলে যায়। তবে শতাংশের বিচারে বিজেপি এগিয়ে থাকলেও লেনদেনের মোট পরিমাণে তৃণমূলের পাল্লাই ভারী। তৃণমূলের পক্ষে প্রায় ১৮ লক্ষ ডলারের লেনদেন হয়েছে, যা বিজেপির (১১ লক্ষ ডলার) তুলনায় অনেকটাই বেশি। বিশ্লেষকদের মতে, বড় বিনিয়োগকারীরা বিজেপির ওপর মোটা অঙ্কের বাজি ধরায় তাদের শতাংশ বাড়লেও, তৃণমূলের পক্ষে বাজি ধরা মানুষের সংখ্যা অনেক বেশি।
দিল্লি বনাম আন্তর্জাতিক বাজার: কার পাল্লা ভারী?
বিদেশের বাজার বিজেপিকে সামান্য এগিয়ে রাখলেও ভারতের অভ্যন্তরীণ সাট্টা বাজার কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। দিল্লির সাট্টা বাজারের পূর্বাভাস অনুযায়ী, তৃণমূল ১৪৬-১৪৯টি আসন পেয়ে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে, যেখানে বিজেপি ১৪০-১৪৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ এক অনন্য ইতিহাস গড়েছে। প্রথম দুই দফায় যথাক্রমে ৯৩ শতাংশ ও ৯১.৪১ শতাংশ ভোটদান ভারতের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড। এই বিপুল জনমত শেষ পর্যন্ত কার পক্ষে যাবে, তা নিয়ে যেমন জনমনে কৌতূহল রয়েছে, তেমনি সাট্টা বাজারের এই কোটি কোটি টাকার বিনিয়োগও এখন ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছে। সব জল্পনার অবসান হবে সোমবারের চূড়ান্ত গণনায়।
