তৃণমূল নেতার স্ত্রীর সরকারি ভাতার আবেদন ঘিরে তোলপাড় দুর্গাপুর! – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা নগর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ধর্মেন্দ্র যাদবের স্ত্রীর ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনপত্র সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেতে আবেদনপত্রে বার্ষিক পারিবারিক আয় মাত্র ৬০ হাজার টাকা দেখিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। তৃণমূল জমানায় একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা এই নেতার পরিবারের এমন আয়ের দাবি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।
নেতার স্ত্রীর এই আবেদনপত্র ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেলেও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ধর্মেন্দ্র যাদব। নিজেকে বর্তমানে ‘বেকার’ দাবি করে তাঁর পালটা বক্তব্য, এই মুহূর্তে তাঁর নিজস্ব কোনও আয় নেই এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে তৃণমূলের প্রাক্তন এই দোর্দণ্ডপ্রতাপ জনপ্রতিনিধির স্ত্রীর সরকারি ভাতা চাওয়ার ঘটনাটি স্থানীয় স্তরে এখন অন্যতম প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
