দিল্লিতে হোটেল অগ্নিকাণ্ডের ট্র্যাজেডি: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৩ – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহানা আখতার (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হলো। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নিয়ে ওই নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার জন্য গত ২ জুন ঢাকা থেকে দিল্লি এসেছিলেন রেহানা। তাঁর স্বামী মোশারফ হোসেন এবং অন্যান্য আত্মীয়রাও সঙ্গে ছিলেন। দক্ষিণ দিল্লির সাকেত এলাকার একটি বেসরকারি হাসপাতালের কাছে ‘ফ্লোরিশ ইন স্টে’ নামের ওই হোটেলে সপরিবারে উঠেছিলেন তাঁরা। গত ৪ জুন সেই হোটেলেই আচমকা আগুন লেগে যায়। এই একই দুর্ঘটনায় রেহানার ভাই নুরুল আমিনেরও আগেই মৃত্যু হয়েছে। এবার চলে গেলেন রেহানাও।
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল জানিয়েছেন, গত সপ্তাহে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নাইজেরিয়ান নাগরিকের মৃত্যু হয়েছিল, আর বুধবার মারা গেলেন এই বাংলাদেশি নারী।
অভিযোগ উঠেছে, বহুতল ওই হোটেলটির নিচের তলায় রেস্তোরাঁ এবং উপরের তলাগুলোতে নিয়ম না মেনেই থাকার ঘর তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ বেআইনিভাবে হোটেলটি চালানো হচ্ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় ইতিমধ্যেই হোটেলের মালিক লভকেশ বাজাজ এবং দুই কর্মীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুধবারই আদালত লভকেশসহ দুজনকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লির পুলিশ ও প্রশাসন।
