দিল্লির বিজ্ঞপ্তিতে বিরাট চমক, আটকে গেল তারেক রহমানের ভারত সফর? – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর ঘিরে কূটনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি হঠাৎ জারি করা ও পরে দ্রুত প্রত্যাহার করা বিজ্ঞপ্তি এই চর্চাকে আরও উস্কে দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শনিবারের ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে, কারণ সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া আনুষ্ঠানিক সংবর্ধনার মহড়া চলবে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই বার্তাটি প্রত্যাহার করে নেওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি এই দ্বিপাক্ষিক সফর আপাতত পিছিয়ে গেল? সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার বার্তা সম্প্রচার এবং আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি ঘিরে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে তারেক রহমানের এই সফর দুই দেশের আলোচনার নতুন পথ খুলে দিতে পারে। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে মধ্যস্থতায় ভারতের কূটনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চায় ঢাকা। ঢাকার মসনদে বসার পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে চিনকে বেছে নিয়েছিলেন, তাই তাঁর প্রথম দিল্লি সফর দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্ধারণে অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। এখন দেখার, সব জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত কোন কূটনৈতিক পদে পদক্ষেপ নেয় দুই দেশ।
