দুর্গাপুরে আক্রান্ত নেহরুর মূর্তি! ২৪ ঘণ্টার আল্টিমেটাম কংগ্রেসের, নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বিশাল মূর্তি ভেঙে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশের একটি মেডিটেশন সেন্টারের সামনে থাকা ওই মূর্তিটি ক্রেন দিয়ে উপড়ে ফেলার ঘটনায় সরব হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের অভিযোগ, একটি বিশেষ অনুষ্ঠানের জন্য জায়গা ফাঁকা করতেই এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মূর্তিটি স্বস্থানে পুনঃপ্রতিষ্ঠা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।
এই ঘটনায় বিজেপি ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও, সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা দাবি, কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবং তৃণমূলের মদদেই এই ঘটনা ঘটেছে। বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে তাঁর অভিযোগ। একই সঙ্গে তিনি দাবি করেন, এর আগেও বিভিন্ন সংঘাতে তাঁদের হস্তক্ষেপে রাজীব গান্ধীর মূর্তি সুরক্ষিত ছিল। নেহরু মূর্তি ভাঙার নেপথ্যে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পদ্মশিবিরও।
