দেড় মাস পলাতক থাকার পর পুলিশের জালে ‘বাহুবলী’ প্রেমপাল, ইসিএল নথি ও কার্তুজ উদ্ধারে বড় ধাক্কা – এবেলা

দেড় মাস পলাতক থাকার পর পুলিশের জালে ‘বাহুবলী’ প্রেমপাল, ইসিএল নথি ও কার্তুজ উদ্ধারে বড় ধাক্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

অবৈধ কয়লা-বালি পাচার ও সিন্ডিকেট চালানোর অভিযোগ এবং কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্রের কার্তুজ ও সরকারি নথি উদ্ধারের ঘটনায় দেড় মাস পর গ্রেপ্তার হলো জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে জামুড়িয়া থানার পুলিশ তাঁকে পাকড়াও করে। শুক্রবারে তাকে আসানসোল আদালতে তোলা হবে।

গত ১ জুলাই জামুড়িয়ার বহুলা এলাকায় প্রাক্তন বিধায়কের কার্যালয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখান থেকে ৮০ রাউন্ড ব্যবহৃত কার্তুজ এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বেশ কিছু গোপন নথিপত্র উদ্ধার হয়। এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেয় প্রেমপাল।

এলাকায় ‘বাহুবলী’ হিসেবে পরিচিত প্রেমপালের দাপট অবশ্য নতুন নয়। বাবার বিধায়ক পদকে কাজে লাগিয়ে গাড়িতে লালবাতি ও হুটার বাজিয়ে ঘোরার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক জনসভা থেকে হরেরাম সিংকে তাঁর ছেলের এমন আচরণের জন্য সতর্ক করেছিলেন। পুলিশের অনুমান, ধৃত প্রেমপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই কয়লা ও নথি পাচার চক্রের পেছনে থাকা আরও অনেক প্রভাবশালী নাম সামনে আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *