দেশে ফের নিপা ভাইরাসের থাবা! কেরলে আক্রান্তের খোঁজ মিলতেই বাংলায় আতঙ্ক – এবেলা

দেশে ফের নিপা ভাইরাসের থাবা! কেরলে আক্রান্তের খোঁজ মিলতেই বাংলায় আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশে ফের প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। কেরলের কোঝিকোড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এই ভাইরাসের প্রাথমিক উপস্থিতি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য ভাইরোলজি ল্যাবরেটরির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তবে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই কন্ট্যাক্ট ট্রেসিং ও ‘কনটেনমেন্ট প্রোটোকল’ কার্যকর করেছে এবং রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কীভাবে ছড়ায় এবং এর প্রভাব

নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলেও এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সংক্রমণের শুরুতে জ্বর ও মাথাব্যথার মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও পরবর্তীতে রোগীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। মস্তিষ্কে মারাত্মক প্রদাহ বা এনকেফেলাইটিস দেখা দিলে রোগী আচ্ছন্ন হয়ে পড়েন এবং ভুল বকতে শুরু করেন। এই ভাইরাসের মৃত্যুহার অত্যন্ত বেশি এবং এখনও পর্যন্ত নিপা প্রতিরোধে কোনও কার্যকর টিকা আবিষ্কার হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকির কারণ।

কেরলের অতীত এবং বাংলার উদ্বেগ

কেরলের জন্য নিপা ভাইরাসের হানা নতুন নয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সেখানে মোট ৩১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ২৪ জনেরই প্রাণহানি ঘটে। কেরলের এই নতুন সংক্রমণের খবর সামনে আসতেই পশ্চিমবঙ্গেও তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছিল। ফলে কেরলের এই ঘটনা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার জন্যও নতুন করে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *