ধর্মের সঙ্গে নমাজের কোনো সম্পর্ক নেই! মুসলিম হয়েও কেন এমন দাবি করলেন শাবানা আজমি? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ধর্মীয় বিশ্বাস ও নিজের জীবনদর্শন নিয়ে সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম নিলেও এবং ঈদ, উর্দু ভাষা কিংবা ইসলামিক সংস্কৃতি ভালো লাগলেও তিনি নিয়মিত নমাজ পড়েন না। তাঁর মতে, ধর্মীয় বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। নাস্তিক বাবা কাইফি আজমির পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, তাঁর সাংস্কৃতিক শিকড় ইসলামের সঙ্গে যুক্ত হলেও ধর্মাচরণের সঙ্গে তাঁরা যুক্ত নন।
স্বামী জাভেদ আখতারের কট্টর নাস্তিক্যবাদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রায়শই চরমপন্থী ও অসহিষ্ণু মানুষের রোষানলে পড়তে হয় তাঁদের। উভয় সম্প্রদায়ের উগ্রপন্থীদের আক্রমণের মুখে পড়ে তাঁদের ধর্মনিরপেক্ষ অবস্থান আরও দৃঢ় হয়েছে। শাবানা আজমির মতে, বর্তমানের এই সংঘাত কোনো হিন্দু-মুসলিমের লড়াই নয়, বরং এটি উদারপন্থী ও অসহিষ্ণু মানসিকতার মানুষের মধ্যাকার লড়াই। দেশের সমস্ত উদারপন্থী মানুষকে একসঙ্গে এই অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।
