নতুন নামে ফিরছে জনপ্রিয় সবলা মেলা, মহিলাদের জন্য বড় চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলার হস্তশিল্পের বাজার প্রসার ও নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে নতুন রূপ নিয়ে ফিরছে জনপ্রিয় সবলা মেলা। নিউটাউন মেলা প্রাঙ্গণে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পূর্বের নিয়ম বদলে এ বছর ডিসেম্বরের পরিবর্তে কিছুটা আগেই মেলার আয়োজন করা হয়েছে। সরকারি দপ্তর সূত্রে জানা গেছে, নারী ক্ষমতায়নকে আরও বেশি গুরুত্ব দিতে এই মেলার নতুন নামকরণের প্রস্তাব পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। পাশাপাশি, গত বছরের তুলনায় মেলার পরিসর এবং মহিলাদের স্টলের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে পাহাড়ের মহিলারাও অংশ নিচ্ছেন। দার্জিলিং ও কালিম্পংয়ের মহিলারা তাঁদের ঐতিহ্যবাহী মোমো ও থুপ্পার স্টল দেবেন। গত বছর মেলায় ২৬০টি স্টলের মধ্যে ৯০টি স্টল মহিলাদের জন্য বরাদ্দ থাকলেও, এবার তা বাড়িয়ে ১০০টি করা হচ্ছে। এছাড়া নিউটাউনের পাশাপাশি কোচবিহারেও রাসমেলার সঙ্গে এই মেলার আয়োজন করা হবে। সবলা মেলা ঘিরে গ্রামীণ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করে যথেষ্ট আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
