নবান্নে শুভেন্দুর সঙ্গে ২ ঘণ্টার মেগা বৈঠক প্রসেনজিতের, জল্পনা উড়িয়ে বড় বার্তা টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের রাজনীতি ও বিনোদন জগতে তোলপাড় ফেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে দীর্ঘ দুই ঘণ্টার এক হাই-প্রোফাইল বৈঠকে বসলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি অভিনেতার বালিগঞ্জের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিদর্শনের পর থেকেই তাঁর রাজনৈতিক দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল। বৃহস্পতিবারের এই দীর্ঘ বৈঠক সেই জল্পনার আগুনে আরও ঘি ঢালে। বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা।
সমস্ত রাজনৈতিক জল্পনা সটান নস্যাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক এবং দলবদলের খবর ভিত্তিহীন। বর্তমানে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়ন, মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের আগামী অনুষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তিগত সুবিধা-অসুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সিনেমার স্বার্থে তিনি যেকোনো উন্নয়নমূলক আলোচনায় অংশ নিতে সদা প্রস্তুত।
