‘নাম তুলতে পারলে কাটতেও পারি!’ অন্নপূর্ণা ও আবাসের টাকা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতার, সোশ্যাল মিডিয়ায় ঝড় – এবেলা

‘নাম তুলতে পারলে কাটতেও পারি!’ অন্নপূর্ণা ও আবাসের টাকা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতার, সোশ্যাল মিডিয়ায় ঝড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুরের কলাইবাড়ি এলাকায় এক পথসভায় বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের দেওয়া একটি বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। বক্তব্য চলাকালীন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকারের অন্নপূর্ণা যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেবেন, আর চায়ের দোকানে বা মিষ্টির দোকানে বসে সরকারের নামে কুৎসা করবেন—তা চলবে না। নাম যেমন তুলতে পারি, তেমন কেটে দেওয়ার ক্ষমতাও রাখি।”

তিনি আরও অভিযোগ করেন, কোনও নেতার তোষামোদ না করে অনলাইনে আবেদন করা উচিত। ১৫ বছর ধরে অন্যায় অত্যাচার সহ্য করার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, ভুল তথ্য দিয়ে অসৎ উপায়ে যারা সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে, তাদের নাম জেলা স্তর থেকে বাতিল করার ব্যবস্থা করা হবে।

বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, “সরকার সব মানুষের। জনগণের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, তা পূরণে ব্যর্থ হওয়ায় মানুষ প্রতিবাদ করছে।” তিনি হুঁশিয়ারি দেন যে, বিজেপি নেতৃত্ব যদি এই ধরনের নেতাদের মুখে লাগাম না টানে, তবে তৃণমূল আগামী দিনে বড়সড় আন্দোলনে নামবে।

অন্যদিকে, এই বিষয়ে দূরত্ব বজায় রেখে কথা বলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তিনি জানান, জনপ্রতিনিধিদের সচেতন হয়ে মেপে কথা বলা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *