‘নিজে বাঁচুন, অন্যকেও সাহায্য করুন’: বিতর্কের তোপ উড়িয়ে লন্ডনে একাত্মতার বার্তা সঙ্ঘ প্রধানের – এবেলা

‘নিজে বাঁচুন, অন্যকেও সাহায্য করুন’: বিতর্কের তোপ উড়িয়ে লন্ডনে একাত্মতার বার্তা সঙ্ঘ প্রধানের – এবেলা

এবেলা ডেস্কঃ

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সংগঠনের মূল দর্শন ও একাত্মতার বার্তা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সঙ্ঘের বিরুদ্ধে ওঠা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ খারিজ করে তিনি স্পষ্ট জানান, আরএসএসের কাজের মূল ভিত্তি হিংসা নয়, বরং ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ ও একাত্মবোধ।

ব্রিটেনে মোহন ভাগবতের এই অনুষ্ঠান বাতিল করার দাবিতে একাধিক সংগঠন সরব হলেও সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রবিবারের সভায় বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভাগবত জানান, একাত্মতার ভাবনা কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; পরিবার, সম্প্রদায়, সমাজ, সমগ্র মানবজাতি এবং প্রকৃতি—সবকিছুই এর অন্তর্ভুক্ত।

‘হিন্দু’ দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দাবি করেন, ‘হিন্দু’ নির্দিষ্ট কোনও ধর্ম বা উপাসনা পদ্ধতি নয়। এই সংস্কৃতিতে নাস্তিক থেকে বহুঈশ্বরবাদী—সকল চিন্তাধারার মানুষের সহাবস্থান সম্ভব। এক মতের সঙ্গে অন্য মতের সংঘাতের কোনও প্রয়োজন নেই বলেই তিনি মতামত জানান।

একই সঙ্গে উন্নয়ন ও পরিবেশরক্ষার ভারসাম্য রক্ষা করার আহ্বান জানিয়ে ভাগবত এক নতুন বার্তা দেন। তিনি বলেন, “কেবল নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন—তা-ই নয়, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন এবং অন্যকে বাঁচতে সাহায্যও করুন।” শতবর্ষ পেরিয়েও সঙ্ঘের মূল আদর্শ ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনা অবিচল রয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *