নিম্নচাপের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরে কমলা সতর্কতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় দিঘায় সর্বাধিক ৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পাশাপাশি, কলকাতা সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি ও পাদদেশের জেলাগুলিতেও বর্ষার এই বৃষ্টির দাপট সমানভাবে বজায় রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়েও আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সেপ্টেম্বর মাস মৌসুমি বায়ুর বিদায়ের সময় হলেও নিম্নচাপের জেরে এই দফায় বৃষ্টি আরও বাড়বে।
