“পদ্মফুলটা রাখেননি তো…?” তৃণমূলের লোগো বিতর্ক থেকে ‘বেনোজল’—সোম সকালে চাঁচাছোলা দিলীপ! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সোমবার সকালে চেনা মেজাজেই দেখা গেল বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ সেরে ডাবের জলে চুমুক দিতে দিতে রাজ্য রাজনীতি, তৃণমূলের লোগো বিতর্ক থেকে শুরু করে দলে ‘বেনোজল’ প্রবেশ—সবকিছু নিয়েই একাধারে আক্রমণ ও প্রতিক্রিয়া জানান তিনি।
চলতি একাধিক ইস্যু নিয়ে তাঁর বক্তব্য নিচে তুলে ধরা হলো:
১. তৃণমূলের নতুন লোগো বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন লোগো তৈরি’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের খোঁচা, “পদ্মফুলটা আবার রেখে দেননি তো? এসব জোড়াফুল, গোটাফুল চলতেই থাকবে। অস্তিত্ব রক্ষার লড়াই চলছে, ফুল নিয়ে কী করবে? দলটার না আছে পার্টি অফিস, না আছে ব্যাংক অ্যাকাউন্ট, না আছে বিধায়ক!”
২. বিজেপিতে ‘বেনোজল’ বিতর্ক
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের ‘বেনোজল’ মন্তব্যের সমর্থনে তিনি জানান, “কোটি কোটি টাকা নিয়ে বহু লোক বিজেপিতে ঢোকার জন্য তৈরি হয়ে আছে। টাকার লোভ সবারই থাকে, কিন্তু দল এখনও ওদের জায়গা দেয়নি। আমরা খবর রাখছি কে কার সাথে কেন ঘুরছে। সতর্ক আছে দল, এদের কোনোভাবেই এন্ট্রি দেওয়া হবে না।”
৩. মালদহে উদ্ধার হওয়া টাকার পাহাড়
মালদহের কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে তাঁর বক্তব্য, নেতারা অসাধু ব্যবসায়ীদের কাছে টাকা জমা রেখেছিল। পুলিশ সব জানে। পঞ্চায়েত থেকে শুরু করে যেসব দপ্তর থেকে টাকা লুঠ করা যায়, সেখানেই এসব চলেছে। তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে।
৪. অভিষেকের বিদেশ যাত্রা প্রসঙ্গে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “এখানে তো কোনো কাজ নেই, তাই ঘুরে আসুন। রাহুল গান্ধীও তো মাঝে মাঝে গা ঢাকা দেন, এখন সেই সংস্কৃতিই দেখা যাচ্ছে।”
৫. জয় গোস্বামীর ‘থ্রেট কালচার’ মন্তব্য
কবি জয় গোস্বামীর মন্তব্য নিয়ে দিলীপ প্রশ্ন তোলেন, “এখন কেন মনে পড়ছে? এতদিন মুখ খোলেননি কেন? আরজি করের মানুষের আন্দোলনে কি উনারা ছিলেন? এটা কোনো রাজনীতির আন্দোলন ছিল না, সাধারণ মানুষের ক্ষোভ ছিল।”
৬. প্রশ্ন ফাঁস ও বিরোধী দলগুলো
ঝাড়খণ্ড, পাঞ্জাব ও কর্ণাটকের প্রশ্ন ফাঁসের ঘটনা তুলে ধরে তাঁর তোপ, কংগ্রেস, আপ বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) মতো দলগুলো নিজেরা দুর্নীতিতে যুক্ত হলেও নিশ্চুপ থাকে। নাটক বন্ধ করে মূল অপরাধীদের ধরা উচিত।
৭. দক্ষিণ দিনাজপুরে মাদক ও পাচারচক্র
রাজ্যে মাদক, বালু, পাথর ও গরু পাচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশের কাছে সব খবর আগে থেকেই ছিল, কিন্তু চাপে পড়ে এতদিন পদক্ষেপ নেয়নি। এখন ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
৮. তসলিমা নাসরিনের বক্তব্য
তসলিমা নাসরিনের মাদ্রাসা বন্ধ ও সমনাগরিক সংহিতা (UCC) সমর্থন করা প্রসঙ্গে দিলীপ বাবু জানান, তসলিমা নিজের মতামত প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে তিনি এখন বিজেপির সুরেই কথা বলছেন।
