পরকীয়া ফাঁসের জের: ৭ বছর আগের নৃশংস খুনে প্রেমিকের ফাঁসির সাজা – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বামীর কাছে ফাঁস করে দেওয়াই কাল হলো! সেই আক্রোশে দুই যুবককে চপার দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছিল মহিলার প্রেমিক। এই নৃশংস ঘটনায় একজনের মৃত্যু হয় এবং অন্যজন গুরুতর আহত হন। দীর্ঘ সাত বছর পর হুগলির ব্যান্ডেলের আশ্রমমাঠ এলাকার এই ভয়াবহ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করল চুঁচুড়া আদালত।
বুধবার এই মামলার শুনানিতে দোষী সাব্যস্ত প্রেমিক অজয় মণ্ডলকে খুনের দায়ে ফাঁসির সাজা শোনান বিচারক। পাশাপাশি, অন্য যুবককে খুনের চেষ্টার অপরাধে তাকে যাবজ্জীবন কারাবাসেরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই কড়া রায়ে অবশেষে সুবিচার পেল নিহত ও আহতের পরিবার।
