পশ্চিম এশিয়ায় যুদ্ধংদেহি পরিস্থিতি সাড়ে ৪ হাজার ভারতীয় বিমান বাতিল, বিপাকে যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। সংশ্লিষ্ট দেশগুলো দফায় দফায় তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতির প্রভাবে ভারতীয় বিমান সংস্থাগুলো এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৩৩৫টি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে। পাশাপাশি বিদেশি সংস্থাগুলোর প্রায় ১ হাজার ১৮৭টি বিমান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এই উদ্বেগের কথা জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ ব্যবহারের ঝুঁকি এড়াতেই এই বিশাল সংখ্যক উড়ান বাতিল করা হয়েছে। তবে প্রতিকূলতা সত্ত্বেও বিকল্প ব্যবস্থায় প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৭৮০ জন যাত্রী যাতায়াত করেছেন বলে সংসদকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী।
বর্তমানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং সংশ্লিষ্ট মন্ত্রক যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরিষেবা স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

