পাঁশকুড়ায় রক্ত পাচারের চাঞ্চল্যকর চক্র ফাঁস! জালে তিন ল্যাব টেকনিশিয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ
বিনামূল্যে সংগ্রহ করা রক্ত চড়া দামে বিক্রির অভিযোগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে তিন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের দুর্নীতি দমন শাখা। কিছু দিন আগে এই চক্রের এক দালালকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করেই এই ল্যাব টেকনিশিয়ানদের হদিশ পান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রক্তদান শিবির থেকে সংগৃহীত কার্ড ব্যবহার করে ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করা হতো। এরপর সেই রক্ত চক্রের মাধ্যমে রোগীদের পরিজনদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।
তদন্তে জানা গেছে, ধৃত ল্যাব টেকনিশিয়ানদের সঙ্গে দালালদের আর্থিক লেনদেন হয়েছিল। ইউপিআই-এর মাধ্যমে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা হাতবদল হয়। রক্তদানকারী ক্লাব বা সংস্থাগুলির কাছ থেকে কার্ড সংগ্রহ করতে প্রতিটি কার্ডের জন্য দালালরা ১০০ থেকে ১৫০ টাকা দিত। সংগৃহীত অর্থ দালাল ও টেকনিশিয়ানদের মধ্যে ভাগ করে নেওয়া হতো। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
