লেটেস্ট নিউজ

পাকিস্তানের ৫৫ সেনাকে খতম করার দাবি তালিবানের, পাল্টা সরাসরি যুদ্ধের ডাক দিল ইসলামাবাদ – এবেলা

এবেলা ডেস্কঃ

সীমান্তে বারুদের গন্ধ আর আকাশজুড়ে যুদ্ধবিমানের গর্জন। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এবার পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিল। বৃহস্পতিবার রাতভর চলা রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে ডুরান্ড লাইন সংলগ্ন এলাকা। তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ‘গজব লিল হক’ অপারেশনে খতম হয়েছে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা। অন্যদিকে, এই ঘটনার পরেই চরম হুঁশিয়ারি দিয়ে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে ইসলামাবাদ।

রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে কী

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার যখন পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে অতর্কিত বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি ছিল, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এবং আইএস (ISKP) জঙ্গিদের ডেরা ধ্বংস করতেই এই পদক্ষেপ। কিন্তু কাবুলের পালটা দাবি, পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুসহ ১৮ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রতিশোধমূলক প্রত্যাঘাত’ শুরু করে আফগান বাহিনী।

তালিবানের বিস্ফোরক দাবি

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নাঙ্গারহার, পাকতিকা, খোস্ত, কুনার এবং নুরিস্তান প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে তাদের যোদ্ধারা। এই অভিযানে পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি দখল করার পাশাপাশি ৫৫ জন পাক সেনাকে খতম করা হয়েছে বলে তাদের দাবি। প্রচুর পাকিস্তানি যুদ্ধযান ও অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করেছে তালিবান বাহিনী। এই সংঘর্ষে তাদের নিজেদের মাত্র ৮ জন যোদ্ধার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে কাবুল।

ইসলামাবাদের রণহুঙ্কার

আফগানিস্তানের এই পালটা হামলার পর পাকিস্তানের ধৈর্যচ্যুতি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের ধৈর্যের সব সীমা পেরিয়ে গিয়েছে। এখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হবে।” পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সংঘর্ষে তাদের ২ জন সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন। তবে পালটা হামলায় অন্তত ১৩৩ জন তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তাদের আরও দাবি, প্রায় ২০০ আফগান যোদ্ধা এই লড়াইয়ে গুরুতর আহত হয়েছে।

ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ

বর্তমানে খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশের সীমান্ত এলাকাগুলোতে পরিস্থিতি অত্যন্ত থমথমে। পাকিস্তানের ভেতরেও তালিবান বাহিনী ‘নিয়ন্ত্রিত হামলা’ চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। দুই দেশের এই পালটাপালটি হামলায় দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *