পাঞ্জাবে কি বড় কোনো চমক দিতে চলেছেন রাঘব চাড্ডা, মোদির সঙ্গে এই বৈঠকের অর্থ কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সাক্ষাৎ নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। আম আদমি পার্টি (আপ) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাঘবের রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা মহলে চর্চা ছিল। শনিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই একান্ত বৈঠকের পর সোশাল মিডিয়ায় রাঘব চাড্ডা কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট করেছেন। যদিও বৈঠকের মূল আলোচ্য বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচনে পাঞ্জাবে গেরুয়া শিবিরের হয়ে কোনো বড় বা বিশেষ কৌশলগত দায়িত্ব পেতে পারেন এই প্রাক্তন আপ নেতা।
এদিকে, পাঞ্জাবে শিরোমণি অকালি দলের সঙ্গে বিজেপির পুনরায় জোট গঠনের সম্ভাবনা নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই রাঘবের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসময় অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাঘব চাড্ডা বর্তমানে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এখন দেখার বিষয়, পাঞ্জাবের ক্ষমতার সমীকরণ বদলে আপকে টেক্কা দিতে রাঘবকে সামনে রেখে বিজেপি ঠিক কী রণকৌশল সাজায়।
