‘পাবলিকের এক টাকাও খরচ হয়নি!’ রঙিন রাস্তা নিয়ে প্রশ্ন উঠতেই ধামাকা খোলসা অগ্নিমিত্রার – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মুখে কলকাতার গড়িয়াহাট ও চিংড়িঘাটার মতো একাধিক এলাকার রাস্তা রঙিন সাজে সেজে উঠতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের করের টাকায় এই অনাবশ্যক সৌন্দর্য বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। এই বিতর্কের অবসান ঘটাতে আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসল সত্য প্রকাশ করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, শহর সুন্দর করার এই উদ্যোগে সাধারণ মানুষের বা সরকারি তহবিলের একটি টাকাও খরচ করা হয়নি।
মন্ত্রী জানান, উৎসবের মরশুমে ঘরবাড়ি সাজানোর মতো করেই শহরকে সুন্দর ও নতুন রূপ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিভিন্ন শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারক সংস্থার সিএসআর (CSR) ফান্ডের আর্থিক সহায়তায় রাস্তাগুলি রঙিন করে তোলা হয়েছে। পূর্বাশ্রমের ফ্যাশন ডিজাইনিংয়ের চেতনা থেকেই শহর সাজানোর এই ভাবনা বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, এই রং সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক, যা আগামী প্রায় ছয় মাস স্থায়ী হবে। শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
