পুজোর আগেই টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! চরম ভোগান্তির আশঙ্কা, জেনে নিন তারিখ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20266:10 pm
কলকাতা: পুজোর মুখেই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় অস্বস্তির খবর। চলতি মাসের শেষেই সারাদেশে টানা ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ হতে চলেছে। ৫ দিনের ব্যাঙ্কিং চালুর দাবি-সহ একাধিক দাবিতে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে।
কখন ও কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? ব্যাঙ্ক ইউনিয়নগুলি একযোগে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর (সোমবার থেকে বুধবার) ধর্মঘটের ডাক দিয়েছে। তার ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (মাসের চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার) নিয়মিত ছুটি রয়েছে। ফলে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর—পর পর ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
কোন কোন সংগঠন শামিল হচ্ছে? অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোশিয়েশন (AIBEA)-এর পাশাপাশি AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF এবং INBOC-এর মতো একাধিক প্রভাবশালী ব্যাঙ্ক কর্মী সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
ধর্মঘটের প্রধান দাবিগুলি কী কী?
- ৫ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা: প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে সপ্তাহে ৫ দিন কাজ ও ২ দিন ছুটির নিয়ম চালু করা।
- PLI স্কিমে বদল: সরকারের একতরফা ও বৈষম্যমূলক ‘পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ’ (PLI) স্কিম প্রত্যাহার করা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সংশোধন করা।
- কর্মীদের বকেয়া অন্যান্য দাবি ও সমস্যা দ্রুত সমাধান করা।
ভুয়ো খবর নিয়ে সতর্কবার্তা: AIBEA-র তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, ধর্মঘটের আবহে ব্যাঙ্ক সংযুক্তিকরণ (Merger) নিয়ে বিভিন্ন মহলে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য কর্মীদের ও গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।
ভোগান্তির আশঙ্কা আমজনতার: সামনেই দুর্গাপুজো। তার আগে চলতি মাসের শুরুতে (১১ সেপ্টেম্বর) একবার ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হয়েছিল। আবার মাসের শেষে টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএম-এ ক্যাশ সংকট এবং অনলাইন লেনদেনে চাপের দরুন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে। তাই জরুরি ব্যাঙ্কিং কাজগুলি ২৬ সেপ্টেম্বরের আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
