পুজোর আগেই দার্জিলিংয়ে মিলল বড় চমক, সান্দাকফুতে আচমকা তুষারপাতে তুঙ্গে পর্যটকদের উন্মাদনা – এবেলা

পুজোর আগেই দার্জিলিংয়ে মিলল বড় চমক, সান্দাকফুতে আচমকা তুষারপাতে তুঙ্গে পর্যটকদের উন্মাদনা – এবেলা

এবেলা ডেস্কঃ

সিকিমের নাথুলার পর এবার দার্জিলিং জেলার সান্দাকফুতেও শুরু হলো তুষারপাত। উৎসবের মরশুম শুরুর ঠিক মুখে পাহাড়ের এই আচমকা রূপ বদলে পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। শুক্রবারের পর শনিবার দুপুরেও সেখানে সামান্য বরফ পড়তে দেখা যায়। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে বরফ দেখার সুযোগ মিলতে পারে ভেবে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল বাড়ছে। সাধারণত বছরের এই সময়ে দার্জিলিংয়ের পাহাড়ে বরফ দেখা যায় না। তবে মরশুমের শুরুতেই বরফ পড়ার খবর ছড়িয়ে পড়ায় পর্যটকদের উত্তরবঙ্গমুখী হওয়ার আগ্রহ বহু গুণ বেড়ে যাবে বলে মনে করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

এই অকাল তুষারপাতকে আগামী দিনের পর্যটন ব্যবসার জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে দেখছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উত্তরবঙ্গ শাখা। তাদের মতে, অনেকেই ছুটির দিনে অন্যত্র ভ্রমণের পরিকল্পনা করছিলেন, কিন্তু সান্দাকফুর এই প্রাকৃতিক দৃশ্য তাঁদের সিদ্ধান্ত বদলে দার্জিলিং ও সিকিমমুখী করতে পারে। ফলে পুজোর সময়ে পাহাড়ে পর্যটকদের ভিড় বৃদ্ধির পাশাপাশি হোটেল ও ট্রাভেল ব্যবসায় বেশ ভালো লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে নতুন করে বহু পর্যটক বুকিং শুরু করবেন বলেও আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *