পুজোর আগেই ১০৮ পদ্মে বড় টান! এবার কি তবে অন্ধকারে কাটবে সন্ধিপুজো? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাচার ১০৮ পদ্ম জোগাড় করতে গিয়ে এবার কালঘাম ছুটতে চলেছে আয়োজকদের। খড় ও মাটির আকালের পর এবার চরম পদ্ম সংকট ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। পদ্ম চাষের অন্যতম প্রধান কেন্দ্র পূর্ব মেদিনীপুরে প্রবল বর্ষণের কারণে মাঠের পর মাঠ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে শুধু যে ফুলের জোগান কমেছে তা নয়, ফুটে থাকা পদ্মের গুণমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি চাষিরা হিমঘরে ফুল সংরক্ষণ করে রাজ্যের বিভিন্ন বাজারে সরবরাহ ও বিদেশে রপ্তানি করতেন। কিন্তু এবার পদ্মের ফলন কম থাকায় কৃষকরা নতুন করে কোনো বায়না বা অর্ডার নিতে ভয় পাচ্ছেন।
বাজারে চাহিদা মেটাতে ইতিমধ্যেই ওড়িশা থেকে পদ্ম আনা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। ফলে স্বাভাবিকভাবেই আকাশছোঁয়া হচ্ছে দাম। প্রতিমা গড়ার মূল উপাদান খড়ের এক মণের দাম ১,০০০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৪-৫ হাজার টাকায় পৌঁছেছে, যার জেরে দুর্গা ও বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে শিল্পীদের চরম নাভিশ্বাস উঠছে। একই সঙ্গে পদ্ম জোগাড়ের এই অনিশ্চয়তা পুজো উদ্যোক্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। রাজ্যজুড়ে পদ্মের জোগান স্বাভাবিক না হলে দুর্গাপুজো এবং বিশেষ করে সন্ধিপুজোর নিয়ম-রীতি কতটা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
