পুজোর কাউন্টডাউন শুরু! ট্রাফিক ও ভিড় সামলাতে লালবাজারের মেগা প্ল্যান – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর বাকি আর মাত্র ৫৬ দিন। প্রতিমাশিল্পী থেকে মণ্ডপ তৈরি—শহরের চারদিকে প্রস্তুতি এখন তুঙ্গে। এর মাঝেই আমজনতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কোমোর বেঁধে নামল কলকাতা পুলিশও। ভিড় ও ট্রাফিক সামলাতে আগাম পরিকল্পনা তৈরির কাজ শুরু করেছে লালবাজার।
কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে সমস্ত ডিভিশনাল ডিসি এবং ট্রাফিক ডিসিদের কাছে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। নিজ নিজ এলাকার থানা এবং ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
যেসব বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে:
- দর্শনার্থীদের যাতায়াত: মণ্ডপে প্রবেশের রাস্তা, ভিড় জমার সম্ভাব্য স্থান এবং বেরোনোর পথ সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা।
- তালিকা ও থিম পুজো: এলাকার মেগা পুজোর সংখ্যা, আকর্ষণীয় থিম এবং নতুন বা বাদ পড়া পুজো কমিটির আপডেট।
- রাস্তা ও ট্রাফিক: সংকীর্ণ গলি এবং যেসব রাস্তায় অতিরিক্ত গাড়ি বা পথচারীদের চাপ বাড়ে, তার তালিকা তৈরি।
- বিবাদ ও সমন্বয়: পুজো কমিটিগুলোর কোনো অভ্যন্তরীণ গোলমাল রয়েছে কি না এবং তাদের জন্য কোনো বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে কি না।
- গতবারের শিক্ষা: বিগত বছরের অভিজ্ঞতায় কোথায় খামতি ছিল এবং তা কীভাবে শুধরে নেওয়া যায়, তার সার্বিক রূপরেখা।
