পুজোর ছুটির আগেই স্কুলে মহাভোজের আনন্দ চমকে দিল খুদেদের – এবেলা

এবেলা ডেস্কঃ
শারদ উৎসবের ছুটির মুখে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গড়খুট্টা ৩ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক অভিনব দৃশ্য। প্রতিদিনের ধরাবাঁধা পদ বদলে খুদে পড়ুয়াদের পাতে পরিবেশন করা হলো সুস্বাদু ফ্রায়েড রাইস, মাংস, চাটনি এবং পাঁপড়। ধূপগুড়ির সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোঁসাইহাটের এই স্কুলে ‘শারদীয়ার স্নেহের আহার’ শীর্ষক এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকারা। দুর্গাপুজোর আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ছুটির আগে তাদের আগাম শারদীয় শুভেচ্ছা জানানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষক-শিক্ষিকাদের নিজস্ব অর্থায়নে এই বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। হঠাৎ এমন পছন্দের খাবার পেয়ে খুদেদের চোখেমুখে আনন্দ আর উচ্ছ্বাস স্পষ্ট হয়ে ওঠে। প্রতিদিনের মিড ডে মিলের স্বাদে এমন দারুণ পরিবর্তনে শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক জানান, উৎসবের মরশুমে শিক্ষার্থীদের মুখে সামান্য হাসি ফোটানো এবং তাদের স্মৃতিতে সুন্দর মুহূর্ত তৈরি করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি স্কুলের আঙিনায় এক প্রীতিময় শারদীয় আমেজ সৃষ্টি করে।
