পুজোর মুখে কড়া পুরসভা! ভেজাল খাবার ও পচা মাংস রুখতে শহরজুড়ে KMC-র জোরদার অভিযান – এবেলা

পুজোর মুখে কড়া পুরসভা! ভেজাল খাবার ও পচা মাংস রুখতে শহরজুড়ে KMC-র জোরদার অভিযান – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দুর্গাপূজার আবহেই খাদ্যরসিকদের সুরক্ষায় কোমর বেঁধে মাঠে নেমেছে কলকাতা পুরসভা (KMC)। শহরের নামীদামি রেস্তোরাঁ, হোটেল থেকে শুরু করে ফুটপাতের খাবারের দোকান, মিষ্টির হাব এমনকি শপিং মলের ফুড কোর্টগুলিতেও ভেজাল ধরতে শুরু হয়েছে জোরদার তল্লাশি।

খাবারের পাশাপাশি রান্নার মশলা ও অন্যান্য ব্যবহৃত উপকরণের গুণমান পরখ করে দেখছেন পুর-পরিদর্শকেরা। কয়েক সপ্তাহ আগের অভিযানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১,০০০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছিল। গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় বিপুল পরিমাণের খাবার নষ্ট করে দেয় প্রশাসন। নিয়ম অমান্যকারী একাধিক দোকান সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর ত্রুটি সংশোধন করার পর শর্তসাপেক্ষে সেগুলি পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

পুরসভা সূত্রে খবর, এ পর্যন্ত ১৫০টিরও বেশি খাবার ও ব্যবহৃত উপকরণের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ল্যাব রিপোর্টে একাধিক গলদ ধরা পড়ায় সংশ্লিষ্ট দোকান ও ব্যবসায়ীদের মোটা টাকার জরিমানা করা হচ্ছে।

পুরসভার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানান, “উৎসবের আগে এ ধরনের অভিযান আমাদের নিয়মিত কর্মসূচিরই অংশ। তবে এ বছর উৎসবের অনেক আগে, বছরের মাঝামাঝি সময় থেকেই বড় মাপের নজরদারি চালানো শুরু হয়েছে।” উৎসবের দিনগুলিতে শহরবাসী ও দর্শনার্থীরা যাতে নিরাপদ ও সুস্থ পরিবেশে খাঁটি খাবার উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই পুরসভার এই কঠোর অবস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *