পুজোর মুখে বিরাট ধাক্কা প্রাক্তন মন্ত্রীর! হাই কোর্টে খারিজ সুজিত বসুর জামিনের আবেদন – এবেলা

এবেলা ডেস্কঃ
পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরিচিত মুখ সুজিত বসুকে পুজোতেও জেলেই থাকতে হচ্ছে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। মূলত ইডির পেশ করা ‘প্রভাবশালী’ যুক্তির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা সওয়াল করেন যে, প্রাক্তন এই দমকল মন্ত্রী জামিন পেলে নিজের প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন। ফলে দীর্ঘ দিন ধরে যে শ্রীভূমির পুজো তিনি নিজে হাতে পরিচালনা করতেন, এবার সেখানে অনুপস্থিতই থাকতে হচ্ছে তাঁকে।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে গত ১২ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরবর্তীতে তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক বেআইনি লেনদেন ও অনিয়মের অভিযোগও সামনে আসে। প্রায় ৫ মাস ধরে জেলবন্দি থাকার পর দুর্গাপুজোর ঠিক আগে জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক। তবে ইডির জোরালো আপত্তিতে বিচারক জামিন মঞ্জুর না করায় পুজোর আনন্দে যোগ দেওয়ার সব আশাই ভেস্তে গেল প্রাক্তন মন্ত্রীর। আপাতত শ্রীঘরেই দিন কাটবে তাঁর।
