পুরনো গাড়ির স্বস্তিতে ফের E10 পেট্রোল চালুর প্রস্তাব, খাদ্য-জ্বালানি দ্বন্দ্ব নিয়ে সতর্ক করলেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা / দিল্লি: দেশজুড়ে E20 পেট্রোল (২০% ইথানল মিশ্রিত জ্বালানি) নিয়ে তীব্র চর্চা ও বিতর্কের মাঝেই বড় বার্তা দিলেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (CEA) ভি. অনন্ত নাগেশ্বরণ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—E20 পেট্রোল কি গাড়ির ইঞ্জিন নষ্ট করছে এবং মাইলেজ কমিয়ে দিচ্ছে? এই পরিস্থিতির সমাধানে তিনি পুরনো যানবাহনের জন্য ফের E10 পেট্রোল (১০% ইথানল মিশ্রিত জ্বালানি) ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন।
E20 নিয়ে কেন এই উদ্বেগ? অনন্ত নাগেশ্বরণের মতে, E20 পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কিছুটা কমতে পারে (প্রায় ৬-৭%), তবে এতে ইঞ্জিন সরাসরি বিকল হওয়ার যে রটনা রয়েছে, তার বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিভিন্ন গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, আধুনিক ইঞ্জিনে E20 ব্যবহারে বড় কোনো ক্ষতি হয় না।
আসল সমস্যা ৮ কোটি পুরনো দু-চাকার যানে: সমস্যা দেখা দিচ্ছে মূলত BS4 বা তার আগের মডেলের পুরনো দু-চাকার গাড়িতে। ভারতে বর্তমানে প্রায় ৭.৫ থেকে ৮ কোটি পুরনো বাইক ও স্কুটার রয়েছে, যাতে ‘কার্বুরেটর’ (Carburetor) ও পুরোনো মানের রাবার সিল ব্যবহৃত হয়। ইথানলের সংস্পর্শে এসে এসব সিল নষ্ট হওয়া এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এত বিপুল সংখ্যক গাড়ি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলেই পুরনো গাড়ির জন্য পেট্রোল পাম্পে E10 ফুয়েল রাখা জরুরি।
খাদ্য নাকি জ্বালানি? প্রশ্ন বড় অর্থনৈতিক উপদেষ্টার: ইন্ডিয়ান এক্সেস-এ প্রকাশিত নিবন্ধে ভি. অনন্ত নাগেশ্বরণ তুলে ধরেছেন এক গুরুতর বিষয়। পেট্রোলে ইথানলের মাত্রা (E20 থেকে E27 বা E30) বাড়াতে গিয়ে যেন খাদ্য নিরাপত্তায় আঘাত না আসে। ইথানল তৈরিতে বিপুল পরিমাণ জমি ও জলের সাহায্যে ভুট্টা চাষ করা হয়। ফলে, পেট্রোলের বিকল্প তৈরি করতে গিয়ে ‘খাদ্য-বমান-জ্বালানি’ সংকট যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
