পুরুষ হয়েও আসছে বিধবা ভাতা! জানুন মেদিনীপুরের এই অবিশ্বাস্য কাণ্ড? – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোছাতি এলাকায় এক অদ্ভুত প্রশাসনিক ত্রুটির ঘটনা প্রকাশ্যে এসেছে। বার্ধক্য ভাতার জন্য আবেদন করা ৭১ বছরের এক বৃদ্ধ কেশব ঘোড়ইয়ের ব্যাংক অ্যাকাউন্টে ২০২১ সাল থেকে নিয়মিত বিধবা ভাতার টাকা জমা হচ্ছিল। পড়াশোনা না জানার কারণে দীর্ঘদিন বিষয়টি বুঝতে পারেননি তিনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে এই অসঙ্গতি দেখতে পান এবং বিষয়টি জানার পর হতবাক হয়ে যান।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা প্রশান্ত বেরা বিষয়টির উচ্চপর্যায়ের প্রশাসনিক তদন্ত ও দোষী আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় এটিকে কম্পিউটার টাইপিংয়ের অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেছেন এবং সিপিএম নেতা লক্ষ্মীকান্ত ভৌমিক যোগ্যদের বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। দাসপুর ব্লক প্রশাসন জানিয়েছে, অভিযোগটি জেলাস্তরে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
