পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা! গোটা গ্রামে চলল সরকারি টাকার হরিলুট – এবেলা

এবেলা ডেস্কঃ
কাটোয়ার আলমপুর গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা। অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই গ্রামের একাধিক পুরুষ বছরের পর বছর ধরে গ্রহণ করেছেন এই প্রকল্পের আর্থিক সুবিধা। কোথাও অবিবাহিত পুরুষ তো কোথাও স্বামী-স্ত্রী উভয়ের অ্যাকাউন্টেই নিয়মবহির্ভূতভাবে ঢুকেছে সরকারি টাকা। এমনকি ভিনরাজ্যে কর্মরত পুরুষদের অ্যাকাউন্টেও নিয়মিত পৌঁছেছে এই অনুদান। স্থানীয়দের দাবি, কারচুপির মাধ্যমে এই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করা হতো।
এই অনিয়মের জেরে ইতিমধ্যেই আলমপুর পঞ্চায়েতের প্রধান বাবলু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় বাসিন্দা কার্তিক মণ্ডলের যোগসাজশেই গড়ে উঠেছিল এই দুর্নীতির চক্র। অভিযুক্তরা কৌশলে সাধারণ মানুষের নথি সংগ্রহ করে ভুয়া আবেদনপত্র জমা দিতেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূল অভিযুক্ত কার্তিক মণ্ডল পলাতক হওয়ায় প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর তল্লাশি। সরকারি কোষাগারের টাকা এভাবে তছরুপের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
